রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন আনোয়ারুল আজীম আনার। বাবার নিখোঁজ হওয়ার পর থেকেই বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে। সেই সময় থেকে বাবার হত্যাকাণ্ডের বিচার চেয়ে তিনি বিভিন্ন মহলে সরব ছিলেন। ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে হলেও তিনি বর্তমানে লালমাটিয়ায় বসবাস করতেন।
তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।