বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :

আইসিটি মন্ত্রী: ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা

প্রতিবেদকের নাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীর কড়াইলে বিটিসিএল আবাসিক এলাকায় বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যারা দেশ ও এলাকার কল্যাণে কাজ করেন, সাধারণ মানুষ তাদেরই সমর্থন দেয়। সেবামূলক কাজের স্বীকৃতি রাজনীতিবিদদের জনগণের জন্য আরও বেশি কাজ করতে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠানে মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন এবং তাদের যেকোনো কল্যাণে সরকার সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিতরণ করেন তিনি।

পূজা উদযাপন কমিটির উত্থাপিত বিভিন্ন দাবির বিষয়ে মন্ত্রী গুরুত্বসহকারে বলেন, কড়াইল এলাকার রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা এবং আবাসন সমস্যাসহ অন্যান্য উন্নয়নমূলক দাবিগুলো দ্রুত আমলে নেওয়া হবে। এসব সমস্যা সমাধানে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনসাধারণের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন।

বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রিটিশ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী। এ সময় বিটিসিএল ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ