বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :

সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি: বিপাকে পর্যটকবাহী গাড়িবহর

প্রতিবেদকের নাম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনার ফলে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হওয়া পর্যটকবাহী একটি গাড়িবহর পথে আটকে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব গোলাগুলির তথ্য নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকেও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি চলছিল। তিনি আরও জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে বৃহস্পতিবার থেকে ওই এলাকায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধের কবলে পড়ে। বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে পর্যটকদের গাড়িবহর খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অবরোধকারীদের সঙ্গে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও পরে গোলাগুলির ঘটনা ঘটে। সংগঠন দুটির অভিযোগ, সাজেকের বিভিন্ন এলাকায় সশস্ত্র সদস্যদের আনাগোনা ও হুমকির কারণে স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এই সশস্ত্র তৎপরতা বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি থেকেই তারা অবরোধের ডাক দিয়েছে।

এদিকে, নিরাপত্তা পরিস্থিতির সম্ভাব্য অবনতি এড়াতে রাঙামাটি জেলা প্রশাসন বুধবার সন্ধ্যা ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। সেখানে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে এলাকা ত্যাগ করে নিরাপদে নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ