কড়া নিরাপত্তা ও কঠোর নজরদারিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার পরপরই জ্বালানি বহনকারী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানিয়েছেন, পুরো যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।
এর আগে বুধবার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জ্বালানিভর্তি বহরটি রূপপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই পরিবহণ প্রক্রিয়ায় সেনাবাহিনী ছাড়াও পুলিশ, এসআরবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন। সড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ও পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ছিল।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটিসহ মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি আনা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে সবগুলো চালান সফলভাবে সরবরাহ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে। সকল প্রস্তুতি ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ নাগাদ বিদ্যুৎকেন্দ্রটি থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা।