শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির আমেজে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগ জানিয়েছে, ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়ের মতোই ট্রেন চলবে, তবে শুক্রবারের (২৩ অক্টোবর) কার্যক্রম শুরু হবে বিকেলের পর থেকে। যাত্রী চাহিদা ও চাপ সামাল দিতে প্রয়োজনীয় সময়সূচি সমন্বয় করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।।
ঘোষিত সূচি অনুযায়ী, উল্লিখিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়বে। বিপরীত দিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের বেশিরভাগ সময় ট্রেনগুলো ১০ থেকে ১২ মিনিট পরপর চলাচল করবে এবং রাতে যাত্রীদের চাপের ওপর ভিত্তি করে এই বিরতি ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত বাড়ানো হবে। এই চার দিনে উভয় দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভিন্ন সূচিতে ট্রেন চলবে; এদিন উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন বিকেল ৩টা থেকে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন বিকেল ৩টা ২০ মিনিট থেকে চলাচল শুরু করবে। শুক্রবার দিনব্যাপী দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে। ছুটির এই পুরো সময়জুড়ে ট্রেন চলাচলের বিরতি ১০ থেকে ২০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
যাত্রী চাপ সামাল দেওয়ার বিষয়ে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন সবসময় প্রস্তুত রাখা হবে। প্রয়োজন সাপেক্ষে এই অতিরিক্ত ট্রেনগুলো যুক্ত করে চলাচলের বিরতি বা ফ্রিকোয়েন্সি তাৎক্ষণিক সমন্বয় করা হবে।