ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ক্যাম্পাসে সম্প্রতি ক্যারিয়ার এক্সপোর ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন, শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা এবং করপোরেট জগতের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাইরা অংশ নেন।
গত ১৮ আগস্ট অনুষ্ঠিত এই আয়োজনে আইইউটির ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি (আইইউটিসিবিএস) এবং আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে সহায়তা প্রদান করে। এতে বিভিন্ন খাতের ২০টিরও বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা এসব স্টলে সরাসরি রিক্রুটারদের সঙ্গে কথা বলার সুযোগ পান এবং নিয়োগপ্রক্রিয়া, ক্যারিয়ারের বিভিন্ন সম্ভাবনা ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বার্জার, সিটি ব্যাংক, রবি ও সামিটের অংশগ্রহণে আয়োজিত চারটি এমপ্লয়ার ব্র্যান্ডিং সেশন। এই সেশনগুলোতে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মপরিবেশ, করপোরেট সংস্কৃতি এবং ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। এছাড়া ক্যারিয়ার বিষয়ক একটি প্যানেল আলোচনায় বিভিন্ন খাতের পেশাজীবীরা অংশ নিয়ে বর্তমান চাকরির বাজারের চ্যালেঞ্জ, প্রাথমিক পর্যায়ে করণীয় এবং নিয়োগদাতাদের প্রত্যাশিত দক্ষতা নিয়ে নিজেদের মূল্যবান অভিজ্ঞতা তুলে ধরেন।
শিক্ষার্থীদের জন্য আয়োজনটিকে আরও আনন্দদায়ক করে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণমূলক খেলাধুলা ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছিল। বিশেষ করে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছে সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ ছিল, যা তাদের জন্য ইন্টার্নশিপ ও চাকরির নতুন দুয়ার উন্মুক্ত করতে সহায়তা করেছে।