টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা একটি মোটরসাইকেল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) বলে নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ। গত বুধবার ঢাকার তুরাগ নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছিল, তার মাত্র ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া যায়।
পিবিআইয়ের তথ্যমতে, ২০২২ সালে মিরপুর ২ নম্বরের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন তাহসিফ। তবে সেটির কোনো নিবন্ধন সম্পন্ন হয়নি। তাহসিফ নিখোঁজ হওয়ার আগে তার বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বেরিয়েছিলেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে দেওয়া দীপের তথ্যের ভিত্তিতেই এই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ২০২২ সালে তাহসিফ এই মোটরসাইকেলটি কিনেছিলেন।
এ ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্ত করছে নৌ পুলিশ।
মামলার অন্যতম সন্দেহভাজন হিসেবে বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন আহমেদ শাহরিয়ার রেজা দীপ। পুলিশি জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন যে, কিছু লোকের ধাওয়ার মুখে তাহসিফ নদীতে ঝাঁপ দিলে তিনি সেখান থেকে পালিয়ে যান। ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটনে দীপকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা।