প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সরকারি সফরে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ (১৩ জুন) শনিবার প্রধানমন্ত্রী বিমানযোগে কক্সবাজার পৌঁছে সড়কপথে চকরিয়া উপজেলার পিএমখালী এলাকায় যাবেন। সেখানে তিনি পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন। পাশাপাশি তিনি মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন। বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় তিনি একটি সুধী সমাবেশেও অংশ নেবেন।
দিনের কর্মসূচি শেষে রাতের ফ্লাইটে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কক্সবাজারে এটি তার প্রথম সফর।