বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজ এবং ‘জয় বাংলা’ নামের অপর একটি জাহাজের নামকরণ বদলে নতুন তালিকা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। এছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ এখন থেকে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজটি ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজটি ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ নামে পরিচিত হবে। অন্যদিকে, ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের নির্দেশ পাওয়ার পর কোস্টগার্ড কর্তৃপক্ষ প্রস্তাবিত নতুন নামগুলো মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর বিষয়টি গতকাল চিঠি দিয়ে কোস্টগার্ডকে অবহিত করা হয়। সে অনুযায়ী কোস্টগার্ড নতুন নামের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, নতুন নামকরণ করা এই চার ব্যক্তিই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। তারা দেশে ও দেশের বাইরে বিভিন্ন অভিযানে অংশ নিয়ে দায়িত্ব পালনকালে শহীদ হয়েছিলেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।