আইনপেশায় দ্রুত টাকা আয়ের পথ খুঁজলে কখনো দক্ষ ও ভালো আইনজীবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা (ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ-২০২৬)-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তরুণ আইনজীবীদের পেশাগত জীবনে সততা ও পরিশ্রমের ওপর গুরুত্ব আরোপের আহ্বান জানান মন্ত্রী।
আদালতে মক্কেলের ফি বা আর্থিক সামর্থ্যের চেয়ে ন্যায়বিচার নিশ্চিত করাকে একজন আইনজীবীর প্রধান কাজ হওয়া উচিত বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, সবসময় শুধু টাকার বিনিময়ে আইনি সেবা দেওয়া সঠিক নয়। এর পরিবর্তে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে বিনা মূল্যে মামলা পরিচালনা এবং সরকারের লিগ্যাল এইড সেবার মাধ্যমে সাধারণ মানুষকে আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আদালতে দাঁড়ানোর সময় কেবল মক্কেলের ফি বা অর্থের কথা বিবেচনা না করে একজন প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে কাজ করার পরামর্শ দেন।
নতুন প্রজন্মের প্রশংসা করে আসাদুজ্জামান বলেন, বর্তমানের তরুণ বা ‘জেন-জি’ প্রজন্ম সঠিক দিকনির্দেশনা দিয়ে দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন যে, তরুণদের নেতৃত্বে আগামীর এই পথচলা হবে অত্যন্ত প্রগতিশীল ও মসৃণ। পেশার প্রতি নৈতিক দায়বদ্ধতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কাজ চালিয়ে যেতে তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন।