বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী এবং চিত্রনায়ক হেলাল খানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা জল্পনা। ঘটনায় হেলাল খান জয় চৌধুরীকে ‘তুই ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেন এবং তাঁকে গালাগাল করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন জয় চৌধুরী। এদিকে প্রকাশ্যে একজন শিল্পীকে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন ও গালাগালের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলে আরও উত্তেজিত হয়ে পড়েন হেলাল খান।
ঘটনার সূত্রপাত হয় রোববার বিকেলে এফডিসির প্রধান ফটকের সামনে আয়োজিত একটি মানববন্ধনে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে জমায়েত হয়েছিলেন। ওই কর্মসূচিতে চলচ্চিত্র অঙ্গনের অনেক শিল্পী ও কলাকুশলী অংশ নিলেও জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। মানববন্ধন শেষে হেলাল খান সরাসরি শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয়কে দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি জয়কে ‘স্বৈরাচারের দোসর’ ও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে চুপ থাকতে নির্দেশ দেন। সেখানে উপস্থিত অন্যদেরও একই ভাষায় অভিযুক্ত করে এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথা বলেন হেলাল খান। এতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিল্পীরা অংশ নেন।
পুরো ঘটনাকে একটি ভুল–বোঝাবুঝি হিসেবে দাবি করেছেন জয় চৌধুরী। গণমাধ্যমের কাছে তিনি ব্যাখ্যা করে বলেন, হেলাল ভাই মূলত ডি এ তায়েবের পক্ষে কথা বলা এবং মানববন্ধনে যেতে দেরি হওয়ায় আমার ওপর ক্ষুব্ধ ছিলেন। জয় বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ, আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে একটু দেরি হয়েছিল।’
জয়ের দাবি অনুযায়ী, শিল্পী সমিতির কার্যালয়ের সামনে যাঁরা অবস্থান করছিলেন, তাঁরা কোনো সংগঠনের সদস্য নন। তাঁরা অভিনেতা ডি এ তায়েবের ভক্ত। প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে কেক কাটার জন্য তাঁরা এফডিসিতে এসেছিলেন এবং তায়েবের আসার অপেক্ষায় ছিলেন। ওই ব্যক্তিরা কখন কীভাবে সেখানে এসেছেন, তা ডি এ তায়েব নিজেও জানতেন না এবং মানববন্ধনে কেন তাঁদের পাঠানো হয়নি, সে বিষয়েও তিনি অবগত ছিলেন না বলে জানান জয়। অথচ এসব বিষয় নিয়ে হেলাল খান ক্ষোভ প্রকাশ করেন বলে জয়ের ভাষ্য।
হেলাল খান চলচ্চিত্রের পাশাপাশি বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জয় চৌধুরী বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক। চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত ‘উনিশ সংগঠন’ নামক প্ল্যাটফর্মটিতেও হেলাল খান আহ্বায়ক এবং জয় চৌধুরী মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা দুই ব্যক্তির এমন প্রকাশ্য বিরোধ এখন চলচ্চিত্রপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। শুধু তা–ই নয়, চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্ম ‘উনিশ সংগঠন’-এরও দায়িত্বে রয়েছেন দুজন। বিশেষ করে চলচ্চিত্র শিল্পীদের দুই প্রতিনিধির মধ্যে এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।