গোপালগঞ্জে লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির একপর্যায়ে তাঁরা পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করেন। বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত শহরজুড়ে চলা এই তাণ্ডবে স্থানীয় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সকাল আটটা থেকেই সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। তাঁদের খাবারের ব্যবস্থা করা হয় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে। এরপর বিভিন্ন দিক থেকে মিছিল বের হয়ে লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। সেখান থেকে নেতা-কর্মীরা ব্যাংকপাড়ায় অবস্থিত দীর্ঘদিন তালাবদ্ধ জেলা কার্যালয়ে গিয়ে উল্লাস প্রকাশ করেন। মিছিলে অংশ নেওয়া অনেকের মাথায় হেলমেট ছিল এবং তাঁরা ধারালো অস্ত্র প্রদর্শন করেন। সেখান থেকে সালাউদ্দিনের নেতৃত্বে নেতা–কর্মীরা মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়।
তান্ডবের সময় মিছিলকারীরা জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলেন এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক উপড়ে ফেলেন। এছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক পরিবর্তন করে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। মিছিল থেকে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় এপিসির ওপর উঠে স্লোগান দেওয়ার পাশাপাশি সেটির গ্লাস ভেঙে লাল রঙে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন কর্মীরা।
এই কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। এ ঘটনার বিষয়ে জানতে জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। এছাড়া জেলা পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তাই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।