রক্ষণে তাকে নিয়ে মহাপরিকল্পনা এটেছিলেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। কিন্তু চোট সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।
তবে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর। চোটের শঙ্কা কাটিয়ে খুব দ্রুতই মাঠে ফিরছেন দলের রক্ষণভাগের নির্ভরতার প্রতীক রোমেরো। চিকিৎসকরা জানিয়েছেন, রোমেরোর চোট গুরুতর নয়।
রোমেরোর ডান হাঁটুতে সিটি স্ক্যান করানো হয়েছে। প্রতিবেদনে কোনো লিগামেন্ট ইনজুরি বা বড় ধরনের আঘাতের প্রমাণ মেলেনি। হাঁটুতে থাকা ফোলাভাবও এখন অনেকটাই কমে গেছে।
আর্জন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামীকালের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে রোমেরোকে বিশ্রাম দেওয়া হলেও, শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে মাঠে পাওয়া যাবে।
ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৫২তম মিনিটে ডান হাঁটুতে আঘাত পাওয়ায় অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন টটেনহ্যামের এই তারকা ডিফেন্ডার। পরবর্তীতে সাইডবেঞ্চে তার আক্রান্ত হাঁটুতে বরফ দিয়ে রাখতে দেখা যায়। একই জায়গায় এর আগেও চোটের ইতিহাস থাকায় শঙ্কা তৈরি হয়েছিল। তবে ম্যাচ শেষে তিনি নিজেই সবাইকে আশ্বস্ত করেন, তখন তাকে বেশ শান্ত এবং ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছিল।
এখন রোমেরোর লক্ষ্য একটাই—আগামী শনিবার ভোর চারটায় রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরুর একাদশে থাকা। পুরোপুরি ফিট হতে তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফেরার জন্য প্রায় এক সপ্তাহের মতো সময় পাচ্ছেন।