দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে (ইউএনজিএ-৮১) যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সরকারপ্রধান হিসেবে এটি তাঁর প্রথম জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ এবং সেখানে তিনি ভাষণ দেবেন। এছাড়া অধিবেশনের সাইডলাইনে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই নয় দিনের সফর সফল করতে জোর প্রস্তুতি চলছে। সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে নোট ভার্বালের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০০৬ সালে শেষবার যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এই সফরকে ঘিরে নিউইয়র্কে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সফরটি স্মরণীয় করে রাখতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা ইতোমধ্যে ভার্চুয়াল সভার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীরা নিউইয়র্কে জড়ো হওয়ার পরিকল্পনা করছেন।