আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিনিয়োগের এই বড় ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি হিসেবে পরিচিত বিগ-বি উদ্যোগকে আরও সম্প্রসারণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি এই উদ্যোগকে ‘সমৃদ্ধি ভাগাভাগি করার বিগ-বি’ হিসেবে সামনে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।
অর্থনৈতিক সম্পর্ক আরও বেগবান করতে দ্রুততম সময়ে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ইপিএ কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়া জাপানি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানোর বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী জানান, দুই দেশের কৌশলগত অংশীদারত্ব এখন চার্লটি স্তম্ভের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতেও জাপান কাজ করবে। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা ও অংশীদারত্ব অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এগুলো হলো-আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, সরকারি-বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি ও নিয়মনীতি প্রণয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা।
বক্তব্যের শেষে জাপানের প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ভবিষ্যৎমুখী কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে দুই দেশ সম্মিলিতভাবে সমৃদ্ধি অর্জন করবে এবং বাংলাদেশ-জাপান সম্পর্কের এক নতুন যুগ সূচিত হবে।
এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।