দীর্ঘ আইনি লড়াই শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে তার পদে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) কমিশনের এক প্রজ্ঞাপনে তাকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, তিনি আগের জ্যেষ্ঠতা এবং বকেয়া বেতন-ভাতাসহ সব ধরনের সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
চাকরিতে পুনরায় যোগদানের বিষয়টি নিশ্চিত করে শরীফ উদ্দিন বলেন, দীর্ঘ সময় ধরে লড়াই চালানোর পর অবশেষে আমি চাকরি ফিরে পেয়েছি। এজন্য মহামান্য হাইকোর্টের রায় ও বর্তমান কমিশনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে, ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির হওয়ার আগে তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। সেই সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের বিষয়টি তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন এই কর্মকর্তা। দায়িত্ব পালনকালে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে তিনি থানায় জিডিও করেছিলেন।
শরীফের আকস্মিক চাকরিচ্যুতি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। এর প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সহকর্মীরা মানববন্ধনে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি চাকরিতে পুনর্বহালের আবেদন করেন, যা কমিশন আমলে নেয়নি। এরপর তিনি হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (৬৩৬৯/২০২২) দায়ের করেন। দীর্ঘ শুনানির পর ২০২৫ সালের ৯ জুলাই আদালত তার অপসারণের আদেশ বাতিল করে রুল অ্যাবসলিউট ঘোষণা করেন। একই সাথে রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে জ্যেষ্ঠতাসহ সব পাওনা পরিশোধের নির্দেশ দেন আদালত। চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনেও দুদকের কর্মীদের অংশগ্রহণে মানববন্ধন করেন। শরীফের চাকরিচ্যুতি ঘিরে তখন বেশ আলোচনা সৃষ্টি হয়।