সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে এখন পর্যন্ত দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। বুধবার এক অনুষ্ঠানে তিনি এই সাফল্যের কথা জানান এবং আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার নতুন লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ মোকাবিলায় যে কার্যক্রম শুরু করেছে, তারই ধারাবাহিকতায় এই সাফল্য অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে জনগণের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। তাই টিকাদান কর্মসূচিকে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবিলায় নতুন সরকারের নেতৃত্বে কাজ করা হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। হাম প্রতিরোধে সরকারের নেয়া কার্যক্রম তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেয়ার ১৫ দিন পর থেকেই সরকার যে লড়াই শুরু করেছে, তার অগ্রগতি ইতোমধ্যে দেখা যাচ্ছে। স্বাস্থ্য খাতে জনগণের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কর্মসূচির ওপরও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
দুই কোটি শিশুকে টিকা দেয়া সম্ভব হলেও সরকার থেমে নেই জানিয়ে তিনি বলেন, দেশের কোনো শিশু যেন টিকাদান থেকে বাদ না পড়ে, সেটিই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে দুর্গম অঞ্চলের শিশু, শারীরিক প্রতিবন্ধী শিশু এবং অতীতে কোনো কারণে টিকা নিতে পারেনি এমন শিশুদের খুঁজে বের করার জন্য এই কার্যক্রমকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে পরিচালনা করা হচ্ছে। সরকারের অঙ্গীকার অনুযায়ী, প্রতিটি শিশুর ঘরে গিয়ে টিকা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি এবং ইউনিসেফের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া দেশের প্রতিটি শিশুর কাছে জীবন রক্ষাকারী এই টিকা পৌঁছে দেওয়া সম্ভব হতো না। দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।