শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

দেশে প্রথম ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ প্রতিষ্ঠা করছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতি‌বেদক ঃ

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল বা ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। আজ বুধবার (১৭ জুন) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনাই এই মেগা উদ্যোগের মূল লক্ষ্য। প্রস্তাবিত এই বিশেষ অঞ্চলে প্রচলিত কাস্টমসের কঠোর নিয়মকানুন কার্যকর থাকবে না। এটি সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে। প্রাথমিকভাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে মোট ৬০০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে এই মুক্ত বাণিজ্য অঞ্চল।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, চট্টগ্রাম জেলার আনোয়ারায় ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) স্থাপনের লক্ষ্যে স্পেশাল পারপাস কোম্পানির সঙ্গে ‘ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট’এবং ‘ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট’-এর অনুমোদন ও স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, হরমুজ প্রণালি বন্ধ হওয়াতে বড় বিপদ হয়েছে। চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশ থেকে এলএনজি, তেল আনা বিঘ্নিত হচ্ছে। এজন্য স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে। দেশের জ্বালানি পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের ঘটনা শিখিয়েছে, তেল কেনার প্রচলিত সিস্টেম পর্যালোচনা করা দরকার।

রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ