দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৭ জনে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৪ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত এবং ৯৬৪ জন সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে মোট ১ লাখ ৬১ হাজার ১৪৮ জন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫২৭।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন রোগীর মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। হামে আক্রান্ত ও মৃত্যুর হার বিবেচনায় ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এরপরেই রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।