মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খামারবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার ২৮ অক্টোবর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী তানভীর হাওলাদার। মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালি প্রবাসী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
তিনি ইতালি প্রবাসী ছিলেন এবং মাত্র ১৫ দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
নতুন সংসার শুরুর অল্প কয়েকদিনের মধ্যেই এমন দুর্ঘটনায় অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেলযোগে গন্তব্যে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তানভীরের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেলোয়ার হাওলাদারের ছেলে তানভীরের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।