যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। সোমবার হোয়াইট হাউজের প্যাডে পাঠানো ওই চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। চিঠিতে ট্রাম্প আশ্বস্ত করে বলেছেন যে, বোয়িং বাংলাদেশকে কোনোভাবেই হতাশ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, এই উদ্যোগের কথা তিনি ভুলবেন না।
চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন ডনাল্ড ট্রাম্প। তিনি উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এছাড়া চিঠিতে খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য যে, গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, নতুন চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে। সার্জিও গর আরও উল্লেখ করেন যে, বোয়িংয়ের এই কেনাকাটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি অভূতপূর্ব চুক্তি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের এই তথ্য প্রকাশের ঠিক একদিন পরেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রীকে এই চিঠি পাঠালেন।