দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি–থ্রি’ ট্রফি। সম্প্রতি রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের নিলামে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে পেসার শরীফুল ইসলামকে পেতে সিটিজেন ব্যাংক রেকর্ড ২ কোটি ৩০ লাখ পয়েন্ট ব্যয় করেছে।
এই টুর্নামেন্টের নিয়ম কিছুটা ভিন্ন। এখানে টাকার অঙ্কের পরিবর্তে ‘পয়েন্ট’ সিস্টেম ব্যবহার করা হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য মোট ১০ কোটি পয়েন্টের সীমা বেঁধে দেওয়া হলেও, নির্দিষ্ট কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ সীমার বাধ্যবাধকতা ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে ওয়ালটন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নিয়েছে। এছাড়া ফরচুন গ্রুপ ২ কোটি পয়েন্ট খরচ করে ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে। সেভেন রিংস সিমেন্ট ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওপেনার সাইফ হাসানকে। সিটিজেন ব্যাংক শরীফুলের পাশাপাশি ১ কোটি ৭০ লাখ পয়েন্টে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিককেও নিশ্চিত করেছে। টাকার অঙ্কে নয়, সম্পূর্ণ অভিনব এই টুর্নামেন্টে দল গড়ার লড়াই চলছে নির্দিষ্ট ‘পয়েন্টের’ ভিত্তিতে।
নিলামের পয়েন্টের সঙ্গে ক্রিকেটারদের সরাসরি আয়ের কোনো সম্পর্ক নেই। খেলোয়াড়রা বিসিবির নির্ধারিত ম্যাচ ফি অনুযায়ী পারিশ্রমিক পাবেন। এর মধ্যে চার দিনের ম্যাচে ১ লাখ ৫০ হাজার, লিস্ট ‘এ’ বা ৫০ ওভারের ম্যাচে ১ লাখ এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৮০ হাজার টাকা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে। নিলামের জন্য খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৪০ লাখ, ‘বি’ ৩০ লাখ, ‘সি’ ২০ লাখ, ‘ডি’ ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫ লাখ পয়েন্ট রাখা হয়েছিল।