সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সলঙ্গায় ভুয়া ডিবি পরিচয়ে আটক ১ জন

মো: সুমন শেখ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার মালতিনগর ফকিরপাড়া এলাকায় ভুয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা করতে এসে জনতার হাতে আটক হয়েছেন রাসেল নামের এক যুবক। রবিবার (২১ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মালতিনগর ফকিরপাড়ার বাসিন্দা জিন্নাত আলী আকন্দের বাড়িতে ভ্যানযোগে এসে রাসেল নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। তিনি দাবি করেন, জিন্নাত আলীর বিরুদ্ধে মামলা রয়েছে এবং তা মীমাংসা করে দেওয়ার কথা বলে এক লাখ টাকা দাবি করেন।

এ সময় রাসেলের আচরণে সন্দেহ হলে পরিবারের সদস্যরা তার পরিচয়পত্র দেখতে চান। কিন্তু কোনো পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। ভুক্তভোগী জিন্নাত আলী আকন্দ জানান,“সকালে খাবার খাওয়ার সময় ভ্যানযোগে এক যুবক এসে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয় এবং আমার নামে মামলা রয়েছে বলে জানায়। পরে পরিচয়পত্র দেখতে চাইলে সে কিছু দেখাতে পারেনি। তখন স্থানীয়দের সহায়তায় তাকে আটকে রাখা হয়। ”পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাসেলের সঙ্গে থাকা ভ্যানচালকের জবানবন্দি গ্রহণ করে এবং প্রাথমিকভাবে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়।

আটক রাসেল সলঙ্গা ইউনিয়নের সাতটিকরি বটতলা গ্রামের মো. মছের আলীর ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, একই গ্রামের মেহেদী নামের এক ব্যক্তি তাকে ৫০০ টাকার বিনিময়ে মালতিনগরে গিয়ে ডিবি পরিচয় দিয়ে জিন্নাত আলীকে ভয়ভীতি প্রদর্শনের দায়িত্ব দিয়েছিলেন। স্থানীয় ওয়ার্ড সদস্য আবুল হোসেন বলেন, “ভুয়া ডিবি পরিচয় দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় জনতা তাকে আটক করে।

ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দ বলেন, মালতিনগর গ্রাম থেকে এক যুবককে আটক করে পুলিশ থানায় নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। সলঙ্গা থানার এসআই আনোয়ারুল ইসলাম ও কনস্টেবল ফারুক কামাল জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবককে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী মুঠোফোনে বলেন, “আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ