কুড়িগ্রামের উলিপুরে বৃষ্টিতে পাকা রাস্তা ধসে গর্তের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছে সহস্রাধিক অটো রিক্সাসহ সাধারণ যাত্রীরা। বন্ধ হয়ে গেছে বিভিন্ন বাজারে পণ্য পরিবহনের যানবাহন। উলিপুর হতে বজরা, কাশিমবাজার হয়ে হরিপুর ব্রীজ যাওয়ার পাকা রাস্তায় উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া, বালাপাড়ার বেপারীর মোড় এলাকায় বৃহস্পতিবার ভোর রাতের বৃষ্টিতে এমন গর্তের সৃষ্টি হয় বলে এলাকাবাসীর দাবি।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার ঐ এলাকায় গিয়ে জানা যায়, ইতোপূর্বে ওই স্থানে রাস্তাটির সামান্য অংশে একটু গর্ত ছিল। বৃহস্পতিবার ভোররাত থেকে অবিরাম বৃষ্টির কারণে হঠাৎ করেই রাস্তাটির অর্ধেকেরও বেশি অংশ ধসে পরে। ফলে এ রাস্তা দিয়ে উলিপুর থেকে বজরা ও সুন্দরগঞ্জের কাশিমবাজার এলাকার ব্যবসায়ীসহ সাধারণ মানুষজন বিপাকে পড়েছে। অধিকন্ত এ পথে প্রায় ২৪ ঘন্টা চলাচলকারি সহস্রাধিক অটোরিকশা যাতায়াতে ভোগান্তিতে পড়েছে।
ওই এলাকার নজরুল ইসলাম, বদিউজ্জামান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য হামিদুল ইসলাম জানান, এ রাস্তা দিয়ে যানজটের ভোগান্তি ছাড়াই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, বেলকা, বামনডাঙ্গা, হরিপুরসহ সাদুল্যাপুর এলাকার ব্যবসায়ীরা নিয়মিত উলিপুরের হাট থেকে ব্যাবসায়ী মালপত্র আনা-নেয়া করে। রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় ঐসব ব্যাবসায়ীরা ভোগান্তিতে পড়েছে।
দ্রুততম সময়ে এ গর্ত পূরণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপদ বিভাগের দুষ্টি কামনা করেছেন এলাকাবাসী। এ ঘটনায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম এ প্রতিনিধির পাঠানো ছবি ও ভিডিও দেখে জানান, এমন দূরাবস্থা ও বেহাল দশায় অতি দ্রুত মেরামতের ব্যাবস্থা নেয়া হচ্ছে।