লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে বুধবার দুপুরে খোরশেদ আলম (৫০) নামে এক মাটি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।
তিনি স্থানীয় রুহুল আমিনের ছেলে। নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের ভাষ্যমতে, দুপুরবেলা মোরশেদ ও মজিদ নামের দুজন ব্যক্তি তাকে ঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামের প্রতিপক্ষ খোরশেদকে গুলি করেছেন। মাটির ব্যবসাকে কেন্দ্র করে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্ন সময়ে হুমকি দিয়েছিলেন।
নিহত খোরশেদের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা জহুরুল ইসলাম রনি। তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, নিহতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য বর্তমানে লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ জানান, পুরো ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খোরশেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাটিতে। হাসপাতালের সামনে নিহতের স্বজনরা আহাজারি করে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। খোরশেদের মৃত্যুতে হাসপাতাল এলাকায় তার স্ত্রী-মেয়ে ও স্বজনদের আহাজারি করতে দেখা যায়।