রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় অবস্থিত নিউ বি-বাড়িয়া বেকারি অ্যান্ড সুইটস নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এই অভিযান পরিচালনা করে।
বুধবার (৪ নভেম্বর) বাড্ডার দারোগা বাড়ির মোড় এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানের ব্রেড, বিস্কুট ও কেক তৈরির কারখানায় এই অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় এই আদালত পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানটির বাধ্যতামূলক সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ যাচাই করা হলেও কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
উক্ত অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে ফিল্ড অফিসার ফারদিন ইসলাম এবং পরিদর্শক (মেট্রোলজি) তৌহিদুল ইসলাম দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআইয়ের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।