ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি অফিস থেকে তাঁকে ডিবির হেফাজতে নেওয়া হয়। তবে ঠিক কোন কারণে তাঁকে সেখানে নেওয়া হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ইকবাল সোবহান চৌধুরী কার্যালয়ে গেলে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাঁর পাশাপাশি আরও দুজনকে ডিবির কার্যালয়ে আনা হয়েছে এবং উদ্ভূত বিষয়ের বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলছে পুলিশ।