তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের কর্মকাণ্ড ও প্রচার-প্রচারণা চালানো থেকে বিরত থাকতে হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, গত ২০২৫ সালের ১২ মে সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের মিছিল, সভা, সমাবেশসহ যেকোনো ধরনের প্রকাশনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা নিষিদ্ধ। প্রতিমন্ত্রী বলেন, দলটির কার্যক্রমের পাশাপাশি এগুলোর প্রচারণা করাও নিষিদ্ধ, যা গণমাধ্যমের মনে রাখা প্রয়োজন। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।
অগ্নিসংযোগের সাম্প্রতিক ঘটনাগুলো প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, যারা এখন ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাদের এমন আচরণ নতুন কিছু নয়। তিনি দাবি করেন, দলটির জন্মলগ্ন থেকেই তারা অগ্নিসংযোগ, গুম ও হত্যাকাণ্ডের মতো ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। বিচ্ছিন্ন কিছু জায়গায় গিয়ে তাদের এমন কর্মকাণ্ড চালানো অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।