মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোদি সঙ্গে দেখা হলে চোখাচোখি এড়িয়ে যান, আত্মজীবনীতে বললেন সোনিয়া গান্ধী ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন শিবিরের সুবিধাবাদী রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নাছির শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতার ওপর হামলা, ভিডিও ভাইরাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে বিশ্ব উন্নয়নে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মানহীন বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে দেশে ফেরাতে চায় সরকার: তথ্য উপদেষ্টা

মানহীন বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

প্রতিবেদকের নাম

যাচাই-বাছাই ছাড়া ঢালাওভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার কারণে দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান উচ্চ ডিগ্রির সনদ বিতরণ করে তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎকে হতাশার দিকে ঠেলে দিচ্ছে। অনেক ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষার বদলে ব্যবসা ও অতি মুনাফার কেন্দ্রে পরিণত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে অবস্থিত আইইউবির ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে অসংখ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার সাফল্য কেবল প্রতিষ্ঠানের সংখ্যার ওপর নির্ভর করে না; শিক্ষার গুণগত মান, যুগোপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক এবং শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনই সাফল্যের আসল মাপকাঠি।

দেশের দীর্ঘদিনের বিভক্ত শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন শিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান বিশ্বপর্যায়ে উন্নীত করতে হবে। তবে এই অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা ও ঐতিহ্যের কথা ভুলে গেলে চলবে না। উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষতাবিত্তিক ও কর্মমুখী পাঠ্যক্রম চালুর তাগিদ দেন তিনি। তরুণদের কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

প্রযুক্তির প্রভাব নিয়ে সতর্ক করে রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি কর্মজগতের প্রচলিত ধারণা বদলে দিচ্ছে। বর্তমানের অর্জিত দক্ষতা কয়েক বছর পর অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে। এ জন্য নিয়মিত নতুন কিছু শেখার মানসিকতা এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন জরুরি। তবে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন মানুষের নিজস্ব চিন্তাশক্তি, নৈতিকতা ও বিচারবোধকে দুর্বল করে না দেয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।

সমাবর্তন গ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই সনদ কেবল প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা নয়, বরং দীর্ঘ অধ্যবসায়ের স্বীকৃতি। উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের সুবিধাপ্রাপ্ত একটি অংশ, তাই তাদের কাছে দেশ ও পরিবারের প্রত্যাশা অনেক বেশি। স্নাতকদের সাফল্যের প্রকৃত পরিমাপ ব্যক্তিগত অর্জন নয়, বরং অন্যের জীবনে তারা কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, তাতেই নিহিত। সব সময় সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এবারের সমাবর্তনে মোট দুই হাজার ৬৭ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ