২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ যুগে ন্যানোটেকনোলজি, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নতুন এই পাঠ্যক্রমে রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো অত্যাধুনিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব পরিকল্পনার কথা জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদীয় বৈঠকে মন্ত্রী জানান, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের ধারায় যুক্ত হয়েছে এবং এই বাস্তবতা বিবেচনায় সরকার তথ্যপ্রযুক্তি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
শ্রেণিভেদে পাঠ্যসূচির বিন্যাস সম্পর্কে মন্ত্রী জানান, ষষ্ঠ শ্রেণিতে এআই-সক্ষম উপকরণ, ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি এবং রোবটিক্সের প্রাথমিক ধারণা দেওয়া হবে। সপ্তম শ্রেণিতে প্রযুক্তির প্রায়োগিক ব্যবহার, ইন্টারনেট অব থিংস এবং বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ শেখানো হবে। অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে এআই সহকারী, স্বয়ংক্রিয় ব্যবস্থাসহ ব্যবসা-বাণিজ্য ও মুক্ত পেশায় প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। নবম ও দশম শ্রেণিতে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ই-বাণিজ্য এবং উদ্যোক্তা উন্নয়নের মতো বিষয় রাখা হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব নিয়ে বিস্তারিত পাঠ থাকবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধুমাত্র প্রযুক্তিগত জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের এআইয়ের দায়িত্বশীল ব্যবহার ও তথ্যের সত্যতা যাচাইয়ের দক্ষতাও অর্জন করতে হবে। সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থার উদাহরণ টেনে তিনি জানান, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তার মতো বিষয়গুলো শিক্ষার্থীদের শেখানো প্রয়োজন। ডিজিটাল লার্নিং উইক ২০২৬-এর প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কোর ওই আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার চ্যালেঞ্জ ও এর দায়িত্বশীল প্রয়োগ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ডিজিটাল লার্নিং উইকে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। ২০২৬ সালের এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা।
পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকার প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে। এই ল্যাবগুলোতে রোবটিক্স, ত্রিমাত্রিক মুদ্রণ এবং নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে, যার প্রাক্কলিত বাজেট প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা। এছাড়া ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের অধীনে ১,০৫০টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব ও নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।
সংসদ সদস্য রাশেদা বেগম হীরা প্রথম পর্যায়ের ডিজিটাল ল্যাবগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললে শিক্ষামন্ত্রী জানান, অতীতে চার হাজার প্রতিষ্ঠানে ল্যাব স্থাপনে ৩৯৭ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। নিজ নির্বাচনি এলাকায় ল্যাবগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য সংসদ সদস্য আহ্বান জানালে মন্ত্রী আশ্বাস দেন, সরকার তথ্য ও প্রযুক্তি খাতের বরাদ্দের সঠিক ব্যবহারের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে এবং বর্তমান পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সংসদ সদস্য যে প্রত্যাশা করছেন, সে অনুযায়ী সরকার কাজ করছে এবং আগামী দিনে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।