নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বুধবার দুপুরে ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসাধীনদের মধ্যে বর্তমানে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন এবং একজন লাইফ সাপোর্টে রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত মোট ৭৬ জনকে চিকিৎসা প্রদানের পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন এখনো ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানায়, শিক্ষার্থীদের শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি।
ডা. সুলতান মাহমুদ আরও জানান, আগে চারজন আইসিইউতে ছিলেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। রোগীদের সার্বিক সুস্থতা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন এবং এ লক্ষ্যে দুটি আলাদা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকদের মতে, অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীরা দগ্ধ না হলেও ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’।
ঘটনার সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণায় বলা হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটে থাকতে পারে।
গত সোমবার দিবাগত রাত একটার দিকে মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই কক্ষ দুটিতে আগুন ছড়িয়ে পড়লে পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে সময় ভবনে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ধোঁয়ার কবলে পড়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।