দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মন-মানসিকতার ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি। তিনি উল্লেখ করেন, চিকিৎসা খাতে সরকারের ব্যাপক বিনিয়োগ সত্ত্বেও সাধারণ মানুষ এর প্রকৃত সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের চিকিৎসা খাতের বর্তমান জটিলতায় সাধারণ মানুষের সেবা পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে, বিশেষ করে দাঁতের চিকিৎসার উচ্চমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে।
সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি জানান, প্রয়োজনীয় চিকিৎসকের অভাব এবং সেবার অপ্রতুলতার কারণে সাধারণ মানুষ হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছে। উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি জোরালো আহ্বান জানান।
তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে সেবা প্রদানের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনেক চিকিৎসক পাস করার পর গ্রামে কাজ করতে অনাগ্রহী। অনেকের মধ্যে সেবার চেয়ে অন্য প্রশিক্ষণের প্রতি আগ্রহ বেশি থাকে, যা পরিবর্তনের প্রয়োজন। দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করা সম্ভব।
পেশাজীবী সংগঠনগুলোতে দলীয় রাজনীতির নেতিবাচক প্রভাব নিয়ে রাষ্ট্রপতি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ কাম্য নয়। সংগঠনগুলোকে রাজনীতির বাইরে রাখার উদ্যোগ নিলে অনেক সমস্যার সমাধান হতে পারে। সরকারের পরিবর্তন হলেও সংগঠনের কাঠামো পরিবর্তনের প্রবণতা বন্ধ হওয়া জরুরি। দেশের মানুষ পরিবর্তন চায় এবং সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি প্রত্যাশা প্রকাশ করেন যে, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করে দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা ও দাঁতের চিকিৎসার উন্নয়নে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শুরুতে তিনি সংগঠনের স্যুভেনির উন্মোচন করেন এবং পরে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন। বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।