রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও তার অন্তঃসত্ত্বা মা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোর চারটার দিকে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি টিনের চালার বসতঘরের ওপর উল্টে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় তাসলিমা আক্তার (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। আহত আশা বেগমকে (২৬) উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় পিন্টু মিয়ার স্ত্রী। এতে চাপা পড়েন ঘরে ঘুমিয়ে থাকা ওই শিশু ও তার মা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাতমাথা এলাকা থেকে আসা দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে ঘুম ভেঙে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা চালান এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ট্রাকের নিচে চাপা পড়া শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মোখলেছুর রহমান জানান, ভোরের আকস্মিক শব্দে ঘরবাড়ি কেঁপে উঠলে তারা বেরিয়ে এসে ভয়াবহ এ দৃশ্য দেখতে পান। প্রতিবেশী মোখলেছুর রহমান বলেন, ‘ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে বাইরে বের হয়ে দেখতে পাই একটি ট্রাক কাঁচা ঘরের ওপরে উল্টে পড়েছে। চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এর পরেই আসে ফায়ার সার্ভিসের সদস্যারা।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ট্রাকচালক মেহেদী হাসান (৩১) ও তার সহকারী শ্রাবণ ইসলামকে (১৯) আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক ট্রাকচালক মেহেদীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার মোসলিমপুর গ্রামে এবং সহকারী শ্রাবণ রংপুরের হাজিরহাট থানার রাধাকৃষ্ণপুর গ্রামের মুকুল মিয়ার ছেলে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম নিশ্চিত করেছেন যে, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও তার সহযোগী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনার কারণ হিসেবে চালকের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।