১৯৭৩ সালের পাসপোর্ট আইন অনুযায়ী পলাতক শেখ হাসিনা একজন মানবতাবিরোধী অপরাধী। তাকে কোনোভাবেই পাসপোর্ট পাওয়ার সুযোগ দেওয়া হবে না এবং তার দেশে ফেরারও কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত প্রদক্ষিণ করে।
রিজভী আরও বলেন, মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র ও শ্রমিক হত্যার দায়ে শেখ হাসিনার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ডই তাকে ভোগ করতে হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলটির নেতারা দেশের সম্পদ পাচার করে কলকাতায় ফ্ল্যাট কিনেছেন এবং দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী নিয়ে আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন। কেউ কেউ আবার থাইল্যান্ডের ব্যাংকক বা সিঙ্গাপুরে বিলাসবহুল জীবন যাপন করছেন। অথচ দেশের ভেতরে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের হাতে বোমা তুলে দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ।
যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী শক্তির মনোবল ভাঙা সম্ভব নয়। গুম, খুন ও চরম নিপীড়নের শিকার হয়েও নেতা-কর্মীরা যেভাবে লড়াই চালিয়ে গেছেন, তা প্রশংসনীয়। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের ওপর অমানবিক নির্যাতন চালানো সত্ত্বেও তাকে মাথা নত করানো যায়নি। ফ্যাসিবাদের যেকোনো ষড়যন্ত্র রুখতে সারা দেশে জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ব্যারিকেড গড়ে তোলার আহ্বান জানান তিনি। আয়োজিত এই কর্মসূচিতে রবিউল ইসলাম নয়ন ছাড়াও ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।