গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ। একই সঙ্গে জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে সরিয়ে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলে ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।
গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সরকার প্রশাসন ও পুলিশের এই শীর্ষ দুই পদে বড় পরিবর্তন আনল। আজ জেলা শহরজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের লাঠিসোঁটা, রামদা, লগি-বইঠা ও দেশি অস্ত্রসহ মিছিল ও মহড়া দিতে দেখা গেছে। মাথায় হেলমেট পরিহিত বিক্ষোভকারীদের হাতে চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ নানা দেশি অস্ত্র ছিল এবং তারা বিভিন্ন স্লোগান দেন।
প্রশাসনের রদবদলের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন ডিসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক এই কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও নজরদারি জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।