জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) মামলাটি করেন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। এজাহারে আব্দুল হালিমকে একমাত্র আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা হিসেবে আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের আপন ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী।
সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলে আব্দুল হালিম জমিটি জবরদখলের পরিকল্পনা করেন। এর জের ধরে গত বছরের (২০২৫ সাল) ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। অভিযোগ রয়েছে, লাঠি, লোহার রড, হাতুড়ি ও কুড়াল দিয়ে বসতবাড়ির বেড়া, দরজা-জানালা ও টিনের চাল ভাঙচুর করা হয়, যার ক্ষতি প্রায় আড়াই লাখ টাকা। এছাড়া ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে মারধর এবং ঘর থেকে দেড় লাখ টাকার মালামাল লুট করা হয়। এ ছাড়াও তার ঘর থেকে ৩টি খাট, ১০ বান্ডেল টিন যা প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
ইদ্রিস আলী জানান, আব্দুল হালিমের প্রভাবে ও নিরাপত্তাহীনতার কারণে এতদিন আইনি পদক্ষেপ নিতে পারেননি। তবে সম্প্রতি নতুন করে মিথ্যা মামলার তথ্য পেয়ে আতঙ্কিত হয়ে তিনি বাধ্য হয়ে থানায় এজাহার দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। বর্তমানে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।