বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন ডিজিটাল সেবায় বড় ধরনের কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে। এই ত্রুটির ফলে আউটলুক, টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোপাইলটসহ প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্ল্যাটফর্ম ব্যবহারে চরম বিড়ম্বনায় পড়েছেন হাজার হাজার ব্যবহারকারী। যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই সমস্যা ছড়িয়ে পড়েছে।
কারিগরি সমস্যার বিষয়টি নিয়ে মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। সম্ভবত এ কারণেই সংযোগজনিত এই জটিলতা সৃষ্টি হয়েছে। গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে প্রথম বিভ্রাটের ঘটনাটি শনাক্ত করা হয়। এরপর দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন দেশে এর প্রভাব পড়তে শুরু করে।
সেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে আউটলুকে সমস্যার অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
ওই সময় অভিযোগকারীর সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে গিয়ে ঠেকে, যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই হাজার গুণেরও বেশি। মাত্র এক ঘণ্টার ব্যবধানে বিশ্বের ৭৪টি দেশে মাইক্রোসফটের সেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, প্রায় ২৮ হাজারের বেশি ব্যবহারকারী তখনও জটিলতায় ভুগছিলেন।
প্রতিষ্ঠানটির ৩৬৫-এর বেশ কয়েকটি অ্যাপ ব্যবহারে বিঘ্ন ঘটছে। বিশেষ করে এক্সচেঞ্জ অনলাইন সেবায় বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে, যা সরাসরি আউটলুক ই-মেইল সেবাকে প্রভাবিত করেছে। ক্যালেন্ডার অ্যাপ ব্যবহারকারীরা বিভিন্ন ফাইল ও তথ্য দেখতে গিয়ে সমস্যায় পড়ছেন। এছাড়া এআই প্ল্যাটফর্ম কোপাইলটেও বিঘ্ন ঘটেছে বলে নিশ্চিত করেছে মাইক্রোসফট।
তবে আশার কথা হলো, কিছু অনলাইন মিটিং ও বার্তা আদান-প্রদান সেবা এখনো সচল রয়েছে। ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো পুনরায় সচল করতে মাইক্রোসফটের প্রযুক্তি দল তৎপর রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হালনাগাদ তথ্যে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিস্টেমগুলো ফিরিয়ে আনার প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে সেবা বন্ধের সুযোগে অনেক ভুক্তভোগী ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও হাস্যরসে মেতে উঠেছেন। কর্মক্ষেত্রে মাইক্রোসফটের সেবার ওপর নির্ভরশীলতার বিষয়টি উঠে এসেছে নেটিজেনদের বিভিন্ন পোস্টে। কেউ কেউ আবার আউটলুক বন্ধ থাকাকে সপ্তাহের বাকি দিনগুলোতে ছুটি পাওয়ার সুযোগ হিসেবেও কল্পনা করছেন। এক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, আউটলুক আর চালু না হলে সপ্তাহের বাকি দিনগুলো ছুটি নেওয়া যাবে কি না।
মাইক্রোসফটের পক্ষ থেকে এখন পর্যন্ত বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। ক্ষতিগ্রস্ত সেবাগুলো দ্রুত পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে তাদের কারিগরি টিম।