গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়ায় বিএনপির কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা যায়। জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত এলাকা জুড়ে হেলমেট পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চঘাট মোড়, মাদ্রাসা মোড় ও ডাকবাংলোসহ শহরের বিভিন্ন পয়েন্টে জমায়েত ও স্লোগান দেওয়া মানুষের সংখ্যা বাড়তে থাকে। পুরো এলাকায় মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছে।
গোপালগঞ্জে চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং রাস্তায় জনচলাচলও বেশ সীমিত। এর আগে বুধবার জেলার নানা স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। বর্তমানে পুরো জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিজিবির টহল দল দায়িত্ব পালন করছে।