মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

প্রতিবেদকের নাম

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। জেলার বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে তারা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। এই আন্দোলন একপর্যায়ে কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা, মেম্বারবাড়ি ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে আধা ঘণ্টা পর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় এক শ্রমিক আহত হওয়ার ঘটনায় উত্তজনা ছড়িয়ে পড়লে পুলিশ একইভাবে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। নাওজোর এলাকার শ্রমিকরা মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তায় অবরোধের চেষ্টা করেন। দুপুরে ডেগের চালা এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দুপুরের দিকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করে এবং সড়কগুলোতে যানবাহন চলাচল সচল হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করেছে। উদ্ভূত পরিস্থিতির কারণে অন্তত ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া পূর্বে থেকেই অস্থিতিশীল পরিস্থিতির জেরে বিভিন্ন এলাকার ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ