বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের পরিচালক মো. আবুল হাসনাতের স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের পরিচালক আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মিল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শফিউদ্দিনের বক্তব্য শোনা ও গ্রহণ করা ‘একান্ত প্রয়োজন’। জিজ্ঞাসাবাদের সময় তাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে আসার জন্য বলা হয়েছে। নথিপত্র অনুযায়ী, সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান প্রক্রিয়াটি ২০২৫ সালের ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে বিষয়টি অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করবে। অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ পাওয়া গেলে কমিশন মামলা দায়েরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে অভিযোগের সত্যতা না মিললে অনুসন্ধানটি নিষ্পত্তিও হতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ জুন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। টানা তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন তিনি অবসরে যান। সেনাপ্রধান থাকাকালীন তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ নিয়ে দুদক একাধিক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে।