বর্তমানে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সে সময় তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয় এবং অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই। এটি পর্দার অন্তরালের কথা।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধরতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।’
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। তারা এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে।
তিনি বলেন, ‘জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি। চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা ব্যবসা করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।