মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালির কাছে হরমোজগান প্রদেশে অবস্থিত শহরটিতে হামলাটি সামরিক ধরনের বলে জানা গেছে। তবে ঠিক কারা এই হামলা চালিয়েছে, কাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রথমদিকে বিস্ফোরণের কারণ স্পষ্ট ছিল না। ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান।
শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, গভীর রাতে এই ঘটনা ঘটে এবং হামলায় জড়িতদের ‘শত্রুপক্ষ’ হিসেবে উল্লেখ করা হলেও নির্দিষ্ট করে কোনো দেশের নাম প্রকাশ করা হয়নি। অবশ্য আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী, সামুদ্রিক আইন লঙ্ঘনের কারণে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে হামলার খবর জানিয়েছে। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণেও এসব বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
ইরানের দক্ষিণাঞ্চলের এই কৌশলগত স্থানে হামলার খবরে বৈশ্বিক জ্বালানি বাজারে দ্রুত প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে, যা বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ।
হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় এই কাউন্টিতে হামলার মূল উদ্দেশ্য এবং ধ্বংসযজ্ঞের সঠিক তথ্য পেতে এখনো অনুসন্ধান চলছে। উক্ত এলাকায় যেকোনো সামরিক অস্থিরতা বা সংঘাতের প্রভাব বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহে সরাসরি প্রভাব ফেলে থাকে।