ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার অনড় অবস্থানে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের লক্ষ্যে সরকার একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ টিম গঠন করেছে। বর্তমানে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়ে উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়নের প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হয়েছে। অচিরেই এই মূল্যায়ন কাজ শেষ করে পরবর্তী বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মন্ত্রী আশ্বস্ত করেন। জলবায়ু ও পানিপ্রবাহ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে নদীর পানির অধিকার রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় ধারাবাহিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।