গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার বিবরণ দিয়ে মন্ত্রী জানান, গোপালগঞ্জ সদরের একটি এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী মিছিল বের করার চেষ্টা করলে টহলরত পুলিশ সেখানে বাধা দেয়। সে সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যের সংখ্যা কম থাকায় তারা হামলার শিকার হন। হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অন্তত দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী সময়ে আরও বিস্তারিত জানানো হবে বলেও মন্ত্রী নিশ্চিত করেন।