টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বিয়ের আনন্দ মুহূর্তেই শোকে রূপ নিয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে বিয়ের পিঁড়িতে বসার কয়েক ঘণ্টার মধ্যেই আয়নাল হক (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গোপালপুরের হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মাথায় তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, আয়নাল হক জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালানোর পাশাপাশি ছোটখাটো ব্যবসা করতেন। তার আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত জুলাই মাসে তার প্রথম স্ত্রী সন্তানদের ফেলে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ অন্য একজনের সঙ্গে পালিয়ে যান। ওই ঘটনার পর থেকেই দুই সন্তানকে নিয়ে বেশ হতাশায় দিন কাটাচ্ছিলেন তিনি।
পরিবারের সদস্যদের পরামর্শে বুধবার রাতে তিনি পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে (২০) দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে নিজ গ্রামে ফেরেন। কিন্তু বাসরঘরের আনুষ্ঠানিকতা শুরুর আগেই হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন আয়নাল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।