দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। ভরিতে তিন হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। কমার পরে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। অপরদিকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দামও কমেছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে স্বর্ণের এ দাম সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সোমবার (২৯ জুন) ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমিয়েছিল বাজুস।
নতুন দাম অনুযায়ী, আজ মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২১ হাজার ৯৯৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮২ হাজার ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। যেখানে গতকাল সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৫ হাজার ২৯০ টাকায় বেচাকেনা হয়।
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১৫ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ এক লাখ ৫০ হাজার ৯৩২ টাকায় কেনাবেচা হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে।
গয়নার ডিজাইন অনুসারে মজুরী প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।