শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও জুমার খুতবায় বার্তার নির্দেশ

প্রতিবেদকের নাম

ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সভায় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, আগামী কয়েক মাস ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। বিশেষ করে যে এলাকাগুলোতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি, সেসব স্থানে প্রতিরোধমূলক কর্মকাণ্ড জোরদার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

হাসান শিপলু আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। এ কারণেই স্থানীয় পর্যায়ে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও সভায় সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর সভার আলোচনায় অধিক গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ