গত এক দশকে দেশে কৃষিঋণ বিতরণ দ্বিগুণের বেশি বেড়েছে। তবে এই সময়ে ঋণের পরিমাণের চেয়ে খেলাপি ঋণের হার অনেক বেশি হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। ২০১৬-১৭ অর্থবছরে যেখানে কৃষি খাতে ঋণের পরিমাণ ছিল প্রায় ২১ হাজার কোটি টাকা, সেখানে গত অর্থবছরের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৩ হাজার কোটি টাকায়। বিপরীতে, ২০২৬-২৭ অর্থবছরে কৃষি খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ হাজার ২৪০ কোটি টাকা, যা গত অর্থবছর শেষে বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকায়। অর্থাৎ, এক দশকের ব্যবধানে কৃষিঋণ দ্বিগুণ বাড়লেও খেলাপি ঋণ বেড়েছে প্রায় সাড়ে তিন গুণেরও বেশি।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কৃষিঋণ বিতরণের ইতিবাচক ধারা বজায় রয়েছে। এই তিন মাসে বিভিন্ন ব্যাংক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মোট ১১ হাজার ১৩১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যেখানে গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮ হাজার ৭৯০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কৃষিঋণ বিতরণ ২৭ শতাংশ বা ২ হাজার ৩৪১ কোটি টাকা বেড়েছে। এই প্রান্তিকে ৫৮টি ব্যাংক ১০ হাজার ৮৩৬ কোটি টাকা বিতরণ করেছে, যা তাদের ৬০ হাজার কোটি টাকার বার্ষিক লক্ষ্যমাত্রার ১৮ শতাংশ। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করে।
তালিকায় শীর্ষে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংক এ সময়ে ২ হাজার ৪৪৮ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা ইসলামী ব্যাংক বিতরণ করেছে ৮৮৮ কোটি টাকা এবং তৃতীয় স্থানে থাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বিতরণ করেছে ৭৬৮ কোটি টাকা। শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় এরপর রয়েছে সিটি ব্যাংক (৫৩৩ কোটি), পূবালী ব্যাংক (৪৮২ কোটি), সোনালী ব্যাংক (৪৫৭ কোটি), ব্র্যাক ব্যাংক (৪২৬ কোটি), ইউসিবি (৪১৪ কোটি), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (৩৯৮ কোটি) এবং প্রাইম ব্যাংক (৩১৫ কোটি টাকা)।
বিতরণ করা ঋণের সিংহভাগই ব্যবহৃত হচ্ছে উৎপাদনমুখী খাতে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ফসল উৎপাদনে ৫ হাজার ৭০ কোটি টাকা বা মোট ঋণের ৪৭ শতাংশ বিতরণ করা হয়েছে। এরপর প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে ৩০ শতাংশ বা ৩ হাজার ২৫৩ কোটি টাকা এবং মৎস্য খাতে ১৩ শতাংশ বা ১ হাজার ৩৮৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া অকৃষি পল্লী খাতে বিতরণ করা হয়েছে ১ হাজার ৩ কোটি টাকা, যার মধ্যে দারিদ্র্য বিমোচন কার্যক্রমে ৪১৯ কোটি টাকা এবং অন্যান্য গ্রামীণ কর্মকাণ্ডে ৫৮৪ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
তবে কৃষি ও সেচ সরঞ্জাম খাতে ঋণের চাহিদা তুলনামূলক কম। এই দুই খাতে মিলিয়ে বিতরণ করা হয়েছে মাত্র ৯১ কোটি টাকা, যার মধ্যে সেচ সরঞ্জামে ৪৬ কোটি এবং কৃষি সরঞ্জামে ৪৫ কোটি টাকা ব্যয় হয়েছে। শস্য সংরক্ষণ ও বিপণন খাতে বিতরণ হয়েছে ৩১ কোটি টাকা। অন্যদিকে, ব্যাংকের বাইরে বিআরডিবির মাধ্যমে ঋণ বিতরণ আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। গত বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটি ৩০১ কোটি টাকা ঋণ দিলেও চলতি অর্থবছরের একই সময়ে তা কমে ২৯৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।