সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। শনিবার (২২ আগস্ট) বিএফএ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিলারদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিয়ে সার উত্তোলন ও গুদামে মজুত নিশ্চিত করতে হবে। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনি বার্তা প্রদান, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রি রোধে নিয়মিত তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।
নীতিমালা অমান্য করলে ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া কোনো কুচক্রী মহল যাতে অতিরিক্ত দামে সার বিক্রির দায় ডিলারদের ওপর চাপাতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে এবং স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে বাসস।