ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ ভ্রমণের ভিসা আবেদন ও পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের পক্ষ থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে ভিসা কার্যক্রম নতুন ঠিকানায় স্থানান্তরিত হবে। ভিসা প্রত্যাশীদের আবেদনের সুবিধার্থে এই নতুন অবস্থানগুলোতে সেবা কার্যক্রম চালু করা হচ্ছে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ খবর প্রকাশ করেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা আবেদন করতে ইচ্ছুক ভারতীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
নতুন সিদ্ধান্তের আলোকে কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের সিমসিস টাওয়ারের প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি ও জিপি ঠিকানায় বাংলাদেশের ভিসা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। এর পাশাপাশি শিলিগুড়ির ভিসা প্রত্যাশীদের জন্য সেবক রোডের সিটি মলের দ্বিতীয় তলায় নতুন ভিসা কেন্দ্র চালু হচ্ছে। এই দুটি কেন্দ্র থেকেই আগামী মাসের প্রথম দিন থেকে ভিসার আবেদন জমা এবং পাসপোর্ট সংগ্রহের কাজ সম্পন্ন করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস এই নতুন কেন্দ্রগুলোর ভিসা সংক্রান্ত সমস্ত কার্যক্রম পরিচালনা করবে।
এর আগে কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্রগুলো ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু বাংলাদেশ সরকারের সাথে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর সমাপ্ত হওয়ার ফলে, সরকার আর এই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।